সাম্প্রতিক সময়ের কিছু ঘটনার পর বাংলাদেশ ও ভারতের ক্রিকেট সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে পড়েছিল।
বিশেষ করে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে নানা অনিশ্চয়তা তৈরি হয়, যা দুই দেশের ক্রিকেট যোগাযোগে প্রভাব ফেলে।
তবে পরিস্থিতি স্বাভাবিক করতে এখন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ভারতের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ বাড়ানো হয়েছে এবং এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছে বলে জানা গেছে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানান, সামনে ভারত-বাংলাদেশ সিরিজ থাকায় নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে। যদিও নির্দিষ্ট কোনো সিরিজ নিয়ে এখনো চূড়ান্ত আলোচনা হয়নি।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, দুই দেশের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল, তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। ভবিষ্যতে যৌথভাবে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।
আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, ভারতের বাংলাদেশ সফরের একটি সিরিজ আগে নির্ধারিত থাকলেও তা স্থগিত হয়েছিল। স্বাভাবিকভাবে সেটি চলতি বছর আয়োজনের সম্ভাবনা রয়েছে এবং বিসিবিও সে প্রত্যাশাই করছে।
সব মিলিয়ে, ক্রিকেট কূটনীতির মাধ্যমে ভারত-বাংলাদেশ সম্পর্ককে আগের অবস্থায় ফিরিয়ে আনার দিকেই এখন জোর দিচ্ছে বিসিবি।
এসআর