[email protected] সোমবার, ৬ এপ্রিল ২০২৬
২২ চৈত্র ১৪৩২

কক্সবাজারে অষ্টম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু

আমিনুল হকের উদ্বোধনে কক্সবাজারে ক্রীড়ার নতুন জোয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৬ ১২:৩১ পিএম

পর্যটন নগরী কক্সবাজারের সমুদ্রসৈকতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে অষ্টম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। শুক্রবার সকালে লাবনী পয়েন্টে জমকালো আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

জেলা প্রশাসক আব্দুল মান্নান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সভাপতি মেজর জেনারেল (অব.) এ কে এম মুজাহিদ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার সাইফুল ইসলাম, স্পন্সর প্রতিষ্ঠান কিউটের কর্ণধার কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল এবং সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন

উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সরকার শুধু ক্রিকেট বা ফুটবলে সীমাবদ্ধ নয়; সার্ফিংসহ সব ধরনের খেলাধুলার উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি সার্ফিংকে সমান গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়ে এই টুর্নামেন্টকে সারা বছরব্যাপী চালু রাখার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও জানান, ইতোমধ্যে অনেক খেলোয়াড়কে বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে এবং আর্থিকভাবে দুর্বল ফেডারেশনগুলোকেও সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেলে সার্ফারদেরও বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

এবারের প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে শতাধিক সার্ফার অংশ নিচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা সমুদ্রের ঢেউয়ে নিজেদের দক্ষতা প্রদর্শন করছেন, যা সৈকতজুড়ে তৈরি করেছে এক অনন্য উৎসবমুখর পরিবেশ।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের আয়োজন দেশে সার্ফিং খেলাকে আরও জনপ্রিয় ও প্রতিযোগিতামূলক করে তুলবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এতে ভবিষ্যতে সার্ফিং খেলোয়াড়দের প্রশিক্ষণ ও উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্যের মাঝে শুরু হওয়া এই জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুধু একটি ক্রীড়া আয়োজনই নয়, বরং দেশের বিকল্প খেলাধুলার বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। তরুণ প্রজন্মের আগ্রহ ও সরকারের পৃষ্ঠপোষকতা মিলিয়ে সার্ফিং বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরও শক্ত অবস্থান গড়ে তুলবে—এমন প্রত্যাশাই সবার।

এসআর

সম্পর্কিত খবর