জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক প্রকাশিত গেজেটের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উদ্বিগ্নতা প্রকাশ করেছে এবং বিষয়টি নিয়ে ব্যাখ্যা চেয়েছে।
বিসিবি জানিয়েছে, সরকারি পদক্ষেপের পর গঠিত তদন্ত কমিটি বিসিবি নির্বাচনে সম্ভাব্য অনিয়ম খুঁজতে দায়িত্ব পেয়েছিল। তবে গেজেট প্রকাশের ফলে বোর্ডের স্থিতিশীলতা, স্বাধীনতা এবং নির্বাচিত প্রশাসনের ধারাবাহিকতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান বোর্ড একটি যথাযথভাবে নির্বাচিত প্রশাসন, যা সংবিধান এবং প্রতিষ্ঠিত প্রশাসনিক কাঠামোর অধীনে দায়িত্ব পালন করছে। দায়িত্ব গ্রহণের পর থেকে বোর্ড বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে কার্যক্রম পরিচালনা করে আসছে।
বিসিবি আরও জানিয়েছে, তারা আন্তর্জাতিক ক্রিকেটের প্রশাসনিক কাঠামোর অংশ এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পূর্ণ সদস্য। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো নির্বাচিত ক্রিকেট বোর্ডের কার্যক্রমে বাহ্যিক হস্তক্ষেপের ধারণা সৃষ্টি হলে তা গুরুত্বসহকারে বিবেচনা করা হয়। এ ধরনের পরিস্থিতি আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ সৃষ্টি করতে পারে এবং আইসিসির শাসন ও কমপ্লায়েন্স কাঠামোর আওতায় পুনর্মূল্যায়নের বিষয় হতে পারে।
বিসিবি জানিয়েছে, ইতোমধ্যে আইসিসির শীর্ষ পর্যায়ের কয়েকজন প্রতিনিধির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। সেখানে বলা হয়েছে, কোনো গণতান্ত্রিকভাবে নির্বাচিত ক্রিকেট বোর্ডের কার্যক্রমে হস্তক্ষেপের সম্ভাবনা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী উদ্বেগের বিষয় হতে পারে। তাই বিসিবি বিষয়টি সতর্কতার সঙ্গে এবং স্বচ্ছতার ভিত্তিতে পর্যবেক্ষণ করছে।
বিসিবি জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে সরাসরি আলোচনা করে গেজেট প্রকাশের প্রেক্ষাপট, উদ্দেশ্য এবং সম্ভাব্য প্রভাব সম্পর্কে ব্যাখ্যা চাওয়ার অনুরোধ জানিয়েছে। বোর্ড আরও জানিয়েছে, তারা দেশের সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক সংলাপ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ক্রিকেট প্রশাসনিক মানদণ্ড অনুযায়ী নির্বাচিত প্রশাসনের স্বায়ত্তশাসন রক্ষা করাও জরুরি।
এ বিষয়ে বিসিবি আশা করছে, বিষয়টি এমনভাবে সমাধান হবে যাতে বাংলাদেশ ক্রিকেটের স্থিতিশীলতা, স্বাধীনতা এবং অগ্রযাত্রা অক্ষুণ্ন থাকে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থানও সুরক্ষিত থাকে।
এসআর
মন্তব্য করুন: