[email protected] বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

সেমিফাইনালে ভারত, তবু ‘হট ফেবারিট’ মানতে নারাজ মোহাম্মদ আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মার্চ ২০২৬ ৪:২৭ পিএম

সংগৃহীত ছবি

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত।

আইসিসির বড় আসরগুলোতে ভারত বরাবরই সমর্থকদের দিক থেকে এগিয়ে থাকে। তবে সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির মনে করেন, এবারের আসরে ভারতকে এককভাবে ‘হট ফেবারিট’ বলা ঠিক হবে না।


সর্বশেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করে ৪ উইকেটে ১৯৫ রান তোলে। জবাবে ভারতের জয়ে বড় ভূমিকা রাখেন সাঞ্জু স্যামসন। তার অপরাজিত ৯৭ রানের ঝড়ো ইনিংসে ৪ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ভারত। নকআউট পর্বে চাপে না পড়ে দারুণ আত্মবিশ্বাসী ব্যাটিং করেন তিনি; ইনিংসটিতে ছিল ১২টি চার ও ৪টি ছক্কা।


একটি টেলিভিশন অনুষ্ঠানে আমির বলেন, কৃতিত্ব যেখানে প্রাপ্য সেখানে তা স্বীকার করতেই হবে। তার মতে, স্যামসনের এই ইনিংসটি ছিল সময়োপযোগী ও ম্যাচ নির্ধারণী।


তবে ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে কিছু প্রশ্নও তুলেছেন তিনি। আমিরের দাবি, ফিল্ডিংয়ে বেশ কিছু সুযোগ হাতছাড়া হয়েছে এবং বোলিংয়েও ধারাবাহিকতা দেখা যায়নি। তার ভাষ্য, ওয়েস্ট ইন্ডিজ স্পিনে দুর্বল হলেও সামনে যেসব দল রয়েছে তারা স্পিন ভালো সামলাতে পারে—এ কারণে ভারতকে এককভাবে শিরোপার প্রধান দাবিদার ভাবছেন না তিনি।


আগামী ৫ মার্চ মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে ভারত। ফাইনালে জায়গা করে নিতে হলে দুই দলের সামনেই জয় ছাড়া বিকল্প থাকবে না।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর