পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে গত শুক্রবারের জুমার খুতবায়
ইমানদারদের জীবন পরিচালনার সুমহান পথনির্দেশনা দেওয়া হয়েছে। জুমার খুতবায় দুই পবিত্র মসজিদের সম্মানিত খতিবরা আত্মশুদ্ধি, তওবা, ভুল সংশোধন এবং আল্লাহর বিবিধ বণ্টনে সন্তুষ্ট থাকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।
মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. ফয়সাল বিন জামিল গাজাভি ভুলের অনুতাপ ও তওবার গুরুত্ব তুলে ধরে বলেন, মানুষ স্বভাবগতভাবেই ভুলপ্রবণ, তবে আসল বিপদ হলো ভুলের ওপর অটল থাকা। ভুল হওয়ার পরপরই অনুতপ্ত হয়ে সঠিক পথে ফিরে আসাই প্রকৃত মুমিনের পরিচয়। আসহাবে ফিলের ঘটনার উদাহরণ টেনে তিনি অতীতের ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর পরিণতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। খুতবার দ্বিতীয় অংশে তিনি শিরক, বিদআত, নামাজ ত্যাগ, মা-বাবার অবাধ্যতা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এবং গুজব রটানোর মতো মারাত্মক গুনাহ থেকে বেঁচে থাকার তাগিদ দেন।
অন্যদিকে মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ আবদুল্লাহ বিন আবদুর রহমান আল-বুজাইয়ান তাঁর খুতবায় 'কানাআত' বা অল্পেতুষ্টির ওপর জোর দিয়ে বলেন, মহান আল্লাহর দেওয়া রিজিক ও বণ্টনে সন্তুষ্ট থাকলেই অন্তরে প্রকৃত প্রশান্তি লাভ সম্ভব। তিনি স্পষ্ট করেন যে, অল্পেতুষ্টির অর্থ অলস বসে থাকা নয়; বরং বৈধ উপায়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে ফলাফলের জন্য আল্লাহর ওপর ভরসা রাখা। এছাড়া অন্যের হিংসা ও সম্পদের প্রতি লোভ থেকে বেঁচে থাকা এবং অর্জিত নিয়ামতের সামাজিক যোগাযোগমাধ্যম বা বাইরে ধুমধাম প্রদর্শনী না করে কিছু নেক আমল ও নিয়ামত গোপন রাখার পরামর্শ দেন তিনি, যাতে তা কোনো বঞ্চিত মানুষের কষ্টের কারণ না হয়।
এসআর