[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা পেল আইনি স্বীকৃতি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৭:৪৩ পিএম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এবার ঈদুল ফিতর ও ঈদুল আজহা আইনি স্বীকৃতি পেয়েছে।

নতুন বিধানের আওতায় মুসলিম কর্মীরা বিদ্যমান ছুটির হিসাব থেকে সময় নিয়ে ধর্মীয় উৎসব দুটি পালন করতে পারবেন।

পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি স্কুল ও কমিউনিটি কলেজ ঈদের দিন বন্ধ রাখার সুযোগ পাবে।

গত ২৭ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এ-সংক্রান্ত এবি ২০১৭ বিলে অনুমোদন দেন। একই দিনে বিলটি স্টেট সেক্রেটারির দপ্তরে নথিভুক্ত করা হয়।

নতুন আইনে যোগ্য অঙ্গরাজ্য কর্মীরা ঈদুল ফিতর বা ঈদুল আজহা পালনের জন্য সর্বোচ্চ আট ঘণ্টা পর্যন্ত ভ্যাকেশন, বার্ষিক ছুটি, কমপেনসেটিং টাইম অফ অথবা ব্যক্তিগত ছুটির ক্রেডিট ব্যবহার করতে পারবেন।

তবে এর অর্থ এই নয় যে ক্যালিফোর্নিয়ার সব সরকারি কর্মী ঈদের জন্য অতিরিক্ত দুই দিনের বেতনসহ ছুটি পাবেন।

আইনে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে অঙ্গরাজ্যের ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এগুলোকে বিচারিক ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

বিলটির উদ্যোক্তা অ্যাসেম্বলি সদস্য ম্যাট হ্যানি বলেন, ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ মুসলিম জনগোষ্ঠীর বসবাস। তাই তাদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবকে স্বীকৃতি দেওয়া প্রয়োজন।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের ক্যালিফোর্নিয়া শাখা (সিএআইআর-সিএ) নতুন আইনকে স্বাগত জানিয়েছে।

সংগঠনটির ভাষ্য, আইনটি মুসলিম শিক্ষার্থী ও কর্মীদের শিক্ষা ও কর্মক্ষেত্রের দায়িত্বের পাশাপাশি ঈদের ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার সুযোগ আরও সহজ করবে।

সিএআইআর-সিএর দাবি, ক্যালিফোর্নিয়ায় ১০ লাখের বেশি মুসলিম বসবাস করেন।

সূত্র: জিও নিউজ

এসআর

সম্পর্কিত খবর