২৯ দিনের ব্যবধানে দুই দফা এলপিজি (সিলিন্ডার) গ্যাসের দাম বাড়ানোর তীব্র প্রতিবাদ
জানিয়ে সরকার জনগণের রান্নাঘর পর্যন্ত ভোগান্তি পৌঁছে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এই অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করা না হলে সাধারণ মানুষকে খালি সিলিন্ডার নিয়ে রাজপথে নামার আহ্বান জানান তিনি।
সোমবার (২ নভেম্বর) রাতে রাজধানীর রূপায়ন ট্রেড সেন্টারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
খালি সিলিন্ডার নিয়ে রাজপথে নামার আহ্বান
সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারা জনগণের জীবনে ভোগান্তি সৃষ্টি করছে। সরকার যেহেতু সাধারণ মানুষের রান্নাঘর পর্যন্ত হস্তক্ষেপ করেছে, তাই এখন খালি সিলিন্ডার নিয়ে রাজপথে নামা ছাড়া আর কোনো উপায় নেই। তিনি পাড়া-মহল্লার নারীদের খালি গ্যাসের সিলিন্ডার নিয়ে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।
সিন্ডিকেটের কাছে নতিস্বীকার ও সরকারের সমালোচনা
সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এনসিপি নেতা বলেন, "সরকারের কথার সাথে কাজের কোনো মিল নেই। গ্যাসের দাম নির্ধারণে একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছিল এবং গণশুনানির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। কিন্তু কারিগরি কমিটির সিদ্ধান্তকে তোয়াক্কা না করে মাত্র তিন-চারটি কোম্পানির মালিকের পরামর্শে সরকার দাম বাড়িয়ে দিয়েছে।"
তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে ১২ কেজির সিলিন্ডার গ্যাসের মূল্য ২,০৬০ টাকায় পৌঁছেছে, যা অত্যন্ত কষ্টদায়ক। অথচ পার্শ্ববর্তী দেশগুলোতে গ্যাসের দাম তুলনামূলক অনেক কম। সরকার যদি এই বর্ধিত মূল্য প্রত্যাহার না করে, তবে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে হাঁড়ি-পাতিল ও কলস নিয়ে রাস্তা অবরোধ করার হুঁশিয়ারি দেন তিনি।
পোশাকশ্রমিকদের আন্দোলন ও গোয়েন্দা ব্যর্থতা
তৈরি পোশাক খাতের সাম্প্রতিক আন্দোলন প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আন্দোলনে আওয়ামী লীগের ইন্ধন রয়েছে বলে সরকারের দেওয়া বক্তব্য মূলতঃ সরকারের গোয়েন্দা ব্যর্থতাকেই প্রকাশ করে। সরকার যখনই ব্যর্থ হবে, তখন সুযোগসন্ধানীরা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে। ফলে শিল্প অঞ্চল ও পোশাকশ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা সংস্থাসমূহকে আরও শক্তিশালী ও কার্যকর করার পরামর্শ দেন তিনি।
এইচ/এম