দেশের তৈরি পোশাকশিল্পকে ঘিরে চলমান অস্থিরতা, কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (২ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির এসব উদ্বেগের কথা তুলে ধরেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, পোশাক কারখানায় চলমান অস্থিরতার মধ্যে বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মালিক কিংবা শ্রমিক—কেউই নিজেদের দাবি আদায়ের জন্য শিল্পপ্রতিষ্ঠানের ক্ষতিসাধন করতে পারেন না। শ্রমিকদের কেউ এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত নন বলেই তিনি বিশ্বাস করেন।
ডা. শফিকুর রহমানের দাবি, ইতোমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।
শীত মৌসুমকে কেন্দ্র করে পোশাকশিল্পে যখন নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি হওয়ার কথা, তখন এ ধরনের অস্থিরতার পেছনে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পোশাকশিল্পের মালিক, শ্রমিক এবং সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ও সতর্ক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।
এ/এইচ/টি