[email protected] মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩

গণভোটের রায় না মানলে স্বৈরশাসন প্রতিষ্ঠার চেষ্টা হবে: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬ ১:৪৭ পিএম

সংগৃহীত ছবি

গণভোটের ফল বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করছে ১১ দলীয় ঐক্য।

এরই ধারাবাহিকতায় শনিবার (৩১ অক্টোবর) সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে সরকারের বিরুদ্ধে জনগণের রায় অগ্রাহ্য করার অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 

পথসভায় তিনি বলেন, নির্বাচনে জনগণ তাদের মতামত জানিয়েছে। কিন্তু সরকার সেই সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছে না। বরং জনগণের সঙ্গে প্রতারণা, মিথ্যাচার ও অবমাননাকর আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এসব কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন জামায়াত আমির।

 

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি তুলে ধরে শফিকুর রহমান বলেন, এসব দাবির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গণভোটে প্রকাশিত জনমতের বাস্তবায়ন। জনগণের সমর্থন অব্যাহত থাকলে সব দাবি আদায় করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

তিনি আরও বলেন, দেশের মানুষ অতীতে অনেক ত্যাগ স্বীকার করেছে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস তাদের রয়েছে। তাই দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

 

পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি

জোটটির ঘোষিত সাত দফা দাবির মধ্যে রয়েছে—

১. গণভোটের রায় বাস্তবায়ন।
২. জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা।
৩. বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস ও সারের সংকট দূর করা।
৪. নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ।
৫. দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন।
৬. সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।
৭. দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের অবসান ঘটানো।

 

এসব দাবি আদায়ের উদ্দেশ্যে ঢাকা, খুলনা ও কুষ্টিয়ামুখী লংমার্চ কর্মসূচি পালন করছে ১১ দলীয় ঐক্য।

এফ/ডি

সম্পর্কিত খবর