বিএনপি সরকারের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মতো আচরণ করার অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক মুক্ত আলোচনায় এসব কথা বলেন শফিকুর রহমান।
‘জুলাই সনদের প্রতিশ্রুতি ও প্রত্যাশার এক বছর সালতামামি’ শিরোনামে অনুষ্ঠানটির আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
আলোচনায় জামায়াত আমির বলেন, ক্ষমতায় যাওয়ার পর বিএনপি নিজেদের অতীত অবস্থান ভুলে গেছে।
তাঁর ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর পর্যন্ত বিএনপিও আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল ছিল।
বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও গণভোটের প্রশ্নে দুই দলের মধ্যে আগে বিরোধ ছিল না বলে তিনি দাবি করেন।
শফিকুর রহমান বলেন, জামায়াতের অবস্থান ছিল জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা, যাতে বিষয়টি অনিশ্চয়তার মুখে না পড়ে।
তবে বিএনপি তাতে সম্মত হয়নি। শেষ পর্যন্ত একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংসদ সদস্যদের শপথ গ্রহণের বিষয়েও বিএনপির সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা। তিনি দাবি করেন, নির্বাচন কমিশন সংসদ সদস্যদের দুটি পৃথক শপথ নেওয়ার বিষয়ে জানিয়েছিল।
কিন্তু বিএনপির সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংসদ পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।
শফিকুর রহমানের অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করেই বিএনপির আচরণে কঠোরতা দেখা দিতে শুরু করে।
তাঁর বক্তব্যে সরকারের বর্তমান রাজনৈতিক অবস্থান ও বিরোধী দলের সঙ্গে সম্পর্ক নিয়ে অসন্তোষের বিষয়টি উঠে আসে।
এসআর