[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

কুমিল্লায় কার্যালয়ের ঘটনার জেরে মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬ ৮:৫৩ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটির মহানগর শাখার কমিটি ও নেতৃত্ব কাঠামো বিলুপ্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে ওই এলাকার সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

 

শুক্রবার (১৬ অক্টোবর) দলটির এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৪ অক্টোবর কুমিল্লা মহানগরী জামায়াত কার্যালয়ে ঘটে যাওয়া ঘটনা এবং এর পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। পরে সংগঠনের গঠনতন্ত্রের ১৬ নম্বর ধারার ৩ নম্বর উপধারার ‘চ’ অনুচ্ছেদ এবং ৬৩ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে মহানগর শাখার সংগঠন ও নেতৃত্ব বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

কুমিল্লা মহানগরীতে দলটির সাংগঠনিক কার্যক্রমের দায়িত্ব দেওয়া হয়েছে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমকে। তিনি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা ও তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালনা করবেন।

 

এ ছাড়া ১৪ অক্টোবরের ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

 

তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে দলটির আমির ডা. শফিকুর রহমানের কাছে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পর্যালোচনা শেষে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ পরবর্তী করণীয় নির্ধারণ করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসআর

সম্পর্কিত খবর