বাংলাদেশে আবারও ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটলে এর দায় জামায়াতে ইসলামীকে নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তাঁর অভিযোগ, বিরোধী দল যথাযথ ভূমিকা পালন না করলে সেই সুযোগে ফ্যাসিবাদী শক্তি পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ পেতে পারে।
শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছরে নির্যাতন, হামলা-মামলা ও গুমের ঘটনা দেখেছে দেশের মানুষ।
ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ যখন স্থিতিশীলতার পথে এগোচ্ছে, তখন আবারও ফ্যাসিবাদী শক্তির সক্রিয় হওয়ার চেষ্টা দেখা যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
বিদ্যুৎ খাত প্রসঙ্গে তিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলেন।
তাঁর দাবি, অন্তর্বর্তী সরকারের সময়ও এ খাতে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। বর্তমান সরকার বিদ্যুৎ খাতের পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, দেশের নিজস্ব সম্পদ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দলের ভেতরে যেন স্বৈরাচারী শক্তি প্রবেশ করে সাংগঠনিক ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের আড়াল করা বা তাঁদের অসম্মান করার প্রচেষ্টার বিরুদ্ধেও বিএনপি অবস্থান নেবে বলে জানান তিনি।
এর আগে নগরকান্দা সদর এলাকার পেট্রোল পাম্প থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে নগরকান্দা এমএন একাডেমি মাঠে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করা হয়। এতে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এসআর