[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

মিরপুরের ক্ষতিগ্রস্ত রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ৫০ লাখ টাকা সহায়তার ঘোষণা জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৬:৫৯ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনরুদ্ধারে ৫০ লাখ টাকা অনুদানের আশ্বাস দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর-১ নম্বরে অবস্থিত ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। পরিদর্শন শেষে তিনি প্রতিষ্ঠানটিকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন।

 

এ সময় ডা. শফিকুর রহমান বলেন, দেশের কোথাও যাতে দুর্বৃত্তরা এ ধরনের কর্মকাণ্ড চালাতে না পারে, সে জন্য সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়েই দেশের বিভিন্ন স্থানে মব সন্ত্রাসের ঘটনা ঘটছে।

 

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এভাবে একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ভাঙচুর করার সাহস কেউ পেত না।

 

এর আগে ২৫ সেপ্টেম্বর দিবাগত রাতে স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মুখোশ পরা একদল ব্যক্তি প্রতিষ্ঠানে ঢুকে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে বিভিন্ন মালামাল নিয়ে যায়। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে ভবন ও স্থাপনার বিভিন্ন অংশ ভেঙে ফেলা হয়।

 

হামলার পর স্বাস্থ্যকেন্দ্রটির জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি সাইনবোর্ড ও ব্যানার টাঙানো হয়। ওই সমিতির কার্যক্রমের সঙ্গে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথাও জানা গেছে।

 

ঘটনাটি নিয়ে শাহ আলী থানায় মামলা হয়েছে। মামলার পর কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

এর আগে হামলা, ভাঙচুর ও লুটপাটে জড়িতদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছিলেন জামায়াতের আমির। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যেও স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এসআর

সম্পর্কিত খবর