[email protected] শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩

গুমের ঘটনা তদন্তে বিএনপি সরকার অনাগ্রহী: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৭:৫৩ পিএম

সংগৃহীত ছবি

বিএনপি সরকার গুমের ঘটনাগুলোর সঠিক তদন্ত করতে আগ্রহী নয় বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এক মানববন্ধনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ অভিযোগ করেন।

‘বিএনপি সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘনমূলক আইন পাস, বিরোধী মত দমন এবং নাগরিকের মৌলিক অধিকার হরণের প্রতিবাদে’ এনসিপি ওই কর্মসূচির আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, গুমের ঘটনায় বিএনপি অতীতে বারবার আন্তর্জাতিক তদন্তের দাবি জানালেও এখন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েও তদন্ত করতে দেওয়া হচ্ছে না।

একই সঙ্গে তার অভিযোগ, সরকার জাতীয় মানবাধিকার কমিশনকেও দুর্বল করে দিয়েছে।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, যে গণতান্ত্রিক ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন করেছেন, তা এখনো প্রতিষ্ঠিত হয়নি।

তার ভাষ্য অনুযায়ী, সরকার সংসদে এমন কিছু আইন পাস করছে, যা জাতীয় সংসদকে ‘কলুষিত’ করছে। তিনি মিরাজ শেখের গুমের বিষয়টি সরকার স্বীকার করছে না বলেও অভিযোগ করেন।

তিনি বলেন, মানুষের মতপ্রকাশের সুযোগ সীমিত করা হচ্ছে এবং দেশে দমন-পীড়ন শুরু হয়েছে।

একই সঙ্গে গুমের ঘটনাগুলোর যথাযথ তদন্ত, মানবাধিকার কমিশনের কার্যকর ভূমিকা নিশ্চিত করা এবং সাইবার আইন সঠিকভাবে প্রণয়নের দাবি জানান তিনি।

বিরোধীদলীয় চিফ হুইপ আরও অভিযোগ করেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ের দুর্নীতির বিষয়গুলো তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) কাজে লাগানো যেতে পারে।

তবে তার দাবি, বর্তমান সরকার দুদককে দুর্বল করে বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করছে।

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অধীনে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয় বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বর্তমান পরিস্থিতির বিরুদ্ধে জনগণকে আন্দোলনে নামার আহ্বান জানান।

এসআর

সম্পর্কিত খবর