প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খান দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে ফোন করে ব্যক্তিগত বিভিন্ন তথ্য প্রকাশ করার হুমকি দিয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খান জানান, বৃহস্পতিবার বিকেলে নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে ফোন করে উভয়ের মধ্যে প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে বক্তব্য না দেওয়ার প্রস্তাব দেন। জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী, তার পরিবারের সদস্য ও মন্ত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য বন্ধ করা হলে বিষয়টি বিবেচনা করবেন।
রাশেদের ভাষ্য অনুযায়ী, একই রাতে পাটওয়ারী আবার ফোন করে তার বিরুদ্ধে বিভিন্ন তথ্য প্রকাশ করার কথা বলেন। তিনি অভিযোগ করেন, ফোনালাপে পাটওয়ারী দাবি করেন যে, অতীতে কিছু ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়া এবং একটি ফ্ল্যাট কেনার বিষয়ে তার কাছে নথিপত্র রয়েছে।
রাশেদ খান এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, তিনি কখনো ওই ব্যক্তিদের কাছ থেকে অর্থ নেননি এবং তার নামে কোনো ফ্ল্যাটও নেই। তিনি আরও দাবি করেন, নিজের সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে তা প্রকাশ করতে তার আপত্তি নেই।
ফেসবুক পোস্টে রাশেদ আরও উল্লেখ করেন, প্রথম ফোনালাপের পর তিনি মনে করেছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী হয়তো আগের অবস্থান থেকে সরে এসেছেন। তবে পরবর্তী বক্তব্য ও আচরণে তিনি সেই ধারণা থেকে সরে আসেন।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করবেন না এবং আপাতত নীরব থাকবেন।
রাশেদ খানের ফেসবুক পোস্টে উত্থাপিত অভিযোগের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এসআর