স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি জানান, দলীয় সিদ্ধান্তের ভিত্তিতেই রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।
সোমবার (২৭ জুলাই) রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর বিভাগীয় কার্যালয় উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নির্বাচন কমিশন নির্ধারণ করবে। তিনি আশা প্রকাশ করেন, চলতি বছরের শেষ নাগাদ সম্ভব না হলেও আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে।
কৃষিখাত প্রসঙ্গে তিনি বলেন, সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে। পাশাপাশি রংপুর অঞ্চলের কৃষি উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। কৃষিকে আরও লাভজনক করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
বিএনপিকে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জনগণের ভোটে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি এবং অতীতেও একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। তিনি দাবি করেন, বর্তমান সরকার কৃষিবান্ধব ও জনকল্যাণে কাজ করছে। বিএনপিকে ফ্যাসিবাদী আখ্যা দেওয়ার সমালোচনাও করেন তিনি।
এর আগে সকালে তিনি বিআরডিবির নতুন বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন করেন। পরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত পল্লী মেলার উদ্বোধন, বিভিন্ন স্টল পরিদর্শন এবং শিল্পকলা একাডেমিতে সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
অনুষ্ঠানে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক রুহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসআর