[email protected] শনিবার, ২৩ মে ২০২৬
৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে লড়াই অব্যাহত থাকবে: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মে ২০২৬ ৬:২৯ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন যে, জুলাই অভ্যুত্থানের প্রকৃত লক্ষ্য ও আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি। ফলে অধিকার আদায়ের এই আন্দোলনের লড়াই এখনো শেষ

 হয়ে যায়নি। শুক্রবার (২২ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন পেশার মানুষের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, বিএনপি জুলাই সনদ, গণভোট এবং বিচার বিভাগের স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের প্রত্যাশার সঙ্গে প্রতারণা করছে।

​সারজিস আলম বিগত সময়ের বিভিন্ন বিচার প্রক্রিয়ার ধীরগতির সমালোচনা করে বলেন, আছিয়া হত্যাকাণ্ডের রায় প্রথমে ৩০ দিন এবং পরে ৯০ দিনের মধ্যে কার্যকরের কথা থাকলেও ছয় মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক না কেন, জুলাই অভ্যুত্থানের পর সাধারণ মানুষ যদি চুপ হয়ে যায় তবে নতুন করে স্বৈরাচারের জন্ম হতে পারে। আর সেই সুযোগ কাউকে দেওয়া হবে না।

​বিএনপি ও দলটির শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে এনসিপি নেতা বলেন, ছাত্রদল ও যুবদলের অতীত অবদান থাকলেও তারা যদি সাবেক ছাত্রলীগ-যুবলীগের মতো সহিংস পন্থায় রাজনৈতিক মত দমনের চেষ্টা করে, তবে তাদের পরিণতি আরও ভয়াবহ হবে। আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক অঙ্গসংগঠন বা আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ভিন্নমত দমন করতে দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট জানান।

​বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, বিএনপি দীর্ঘ সময় ধরে পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের দাবি জানিয়ে আসলেও এখন তারা বিচার বিভাগকে দলীয়করণের চেষ্টা চালাচ্ছে। সুপ্রিম কোর্টকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পৃথক সচিবালয়সংক্রান্ত আইন বাতিল করা হয়েছে, যা একদিকে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করছে এবং অন্যদিকে দ্রুত বিচারের আশ্বাসকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি স্পষ্ট করেন যে, দেশের মানুষকে আর কোনো নতুন রাজনৈতিক কার্ড গেমের ফাঁদে পড়তে দেওয়া হবে না।

​সবশেষে তিনি ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বলেন, হত্যাকারীরা ভারতে গ্রেপ্তার হলেও দীর্ঘ সময় ধরে তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা সম্ভব হয়নি। এই বিষয়ে সরকারের স্পষ্ট জবাব দাবি করার পাশাপাশি তিনি উল্লেখ করেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর এবং অন্যান্য হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারলে বিএনপি এর দায় এড়াতে পারবে না। রাজনৈতিক এই লড়াই রাজনৈতিকভাবেই মোকাবিলা করে এনসিপি তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে তিনি ঘোষণা দেন।

এসআর

সম্পর্কিত খবর