[email protected] সোমবার, ৬ এপ্রিল ২০২৬
২২ চৈত্র ১৪৩২

জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন এমপি নূরুল ইসলাম বুলবুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৬ ৬:২৫ পিএম

সংগৃহীত ছবি

সারাদেশের তুলনায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় হাম রোগের প্রকোপ বাড়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টার দিকে তিনি ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে গিয়ে চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।


পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, দেশের অন্যান্য এলাকার তুলনায় এ জেলায় হাম আক্রান্তের হার বেশি।

একটি পরিসংখ্যান অনুযায়ী, দেশের মোট আক্রান্তের একটি উল্লেখযোগ্য অংশ চাঁপাইনবাবগঞ্জে শনাক্ত হয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে এ রোগের প্রভাব বেশি দেখা যাচ্ছে, যা উদ্বেগজনক।


তিনি আরও জানান, যেসব শিশু নিয়মিত টিকা পেয়েছে তাদের মধ্যে সংক্রমণ তুলনামূলক কম। তবে ৯ মাসের নিচে শিশুদের টিকা না দেওয়ার কারণে তারা বেশি ঝুঁকিতে রয়েছে।

এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার এখন থেকে ৬ মাস বয়স থেকেই হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ৫ এপ্রিল থেকে এ বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় সৃষ্ট পানি সংকট নিরসনে ইতোমধ্যে একটি পানি পরিশোধন ফিল্টার স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।

পাশাপাশি আরও কয়েকটি ফিল্টার স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে, যা দ্রুত বাস্তবায়ন করা হবে বলে আশা প্রকাশ করেন।
এছাড়া সীমিত জনবল ও অবকাঠামোগত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এমপি।

 

তিনি বলেন, ২৫০ শয্যার হাসপাতাল হলেও দীর্ঘদিন ধরে এটি পূর্ণ সক্ষমতায় পরিচালিত হয়নি। প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষ হয়েছে এবং দ্রুতই সব সুযোগ-সুবিধা চালুর বিষয়ে অগ্রগতি হবে বলে আশা করা যাচ্ছে।


পরিদর্শনকালে হাসপাতালের সুপার ডা. মশিউর রহমান, আরএমও ডা. মো. আব্দুস সামাদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর