[email protected] শনিবার, ১১ এপ্রিল ২০২৬
২৮ চৈত্র ১৪৩২

তপশিল চলতি সপ্তাহেই ঘোষণা হতে পারে : সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫ ৮:২৮ এএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রচলিত রেওয়াজ অনুযায়ী তপশিল ঘোষণার আগে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টে পৌঁছান সিইসি।

এবার তিনি একাই উপস্থিত হন; সঙ্গী ছিলেন কেবল তার সচিব।

সুপ্রিম কোর্ট সূত্র জানায়, বৈঠকে সীমানা পুনর্নির্ধারণসংক্রান্ত মামলার অগ্রগতি, তপশিল ঘোষণার পর রিট যেন নির্বাচনী কার্যক্রম ব্যাহত না করে—এ বিষয়ে আলোচনা হয়।

পাশাপাশি নির্বাচন চলাকালে বিচারকদের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের বিষয়েও কথা বলেন সিইসি।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা উপলক্ষে সিইসির ভাষণ প্রস্তুত সম্পন্ন হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) যেকোনো দিন আনুষ্ঠানিকভাবে তপশিল ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

এর আগে ভাষণ ধারণ ও সম্প্রচারের প্রস্তুতি নিতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে চিঠি পাঠায় নির্বাচন কমিশন।

সোমবার (৮ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব তথ্য নিশ্চিত করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। 

এসআর

সম্পর্কিত খবর