আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অষ্টমী, নবমী ও দশমী— এই তিন দিন সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘দুর্গাপূজায় নিরাপত্তা ও হিন্দু সম্প্রদায়ের ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ দাবি তোলা হয়।
লিখিত বক্তব্যে মহাজোটের মুখপাত্র পলাশ কান্তি দে বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা পাঁচ দিনব্যাপী হলেও বর্তমানে সরকারি ছুটি মাত্র দুদিন। ফলে অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিতে পারেন না, আবার ধর্মীয় আচার-অনুষ্ঠানও যথাযথভাবে পালনে বাধা তৈরি হয়। তিনি অবিলম্বে তিন দিনের সরকারি ছুটি ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানান
পলাশ কান্তি দে অভিযোগ করেন, পূজাকে কেন্দ্র করে অতীতে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে চারটি জেলায় প্রতিমা ভাঙচুরের খবর পাওয়া গেছে। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় এবারের পূজাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও স্থাপনা সাম্প্রদায়িক শক্তির লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
গোলটেবিল আলোচনায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা এবং এসব ঘটনার বিচারহীনতার সংস্কৃতির তীব্র সমালোচনা করেন।
এসআর