[email protected] সোমবার, ১০ আগস্ট ২০২৬
২৬ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ান উদ্যোক্তাদের আহ্বান ড. ইউনূসের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৫ ৫:২৬ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার উদ্যোক্তাদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশকে আরও ব্যবসাবান্ধব করতে ইতোমধ্যেই নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আয়োজিত এক ব্যবসা ফোরামে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, “অতীতে বাংলাদেশে ব্যবসা প্রত্যাশামতো এগোয়নি। তবে নতুন বাংলাদেশে বহু খাতে অগ্রগতি হয়েছে, যার মধ্যে ব্যবসার সম্ভাবনা অন্যতম। আমরা দেশকে সর্বোচ্চভাবে ব্যবসাবান্ধব করার জন্য কাজ করছি এবং এই পরিবর্তিত বাংলাদেশে আমি অসীম সম্ভাবনা দেখছি।”

বাংলাদেশকে তরুণ ও সৃজনশীল মানুষের দেশ উল্লেখ করে তিনি বলেন, বহু দেশে ছড়িয়ে থাকা তরুণ প্রবাসী বাংলাদেশিদের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। “তাদের মধ্যে সবসময়ই দেশের জন্য কিছু করার প্রবল ইচ্ছা রয়েছে,” যোগ করেন তিনি।

প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকার শুল্ক ও অশুল্ক বাধা অপসারণে উদ্যোগ নিয়েছে।

কর্মসূচির শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থাপনা দেন। তিনি বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা তুলে ধরেন এবং সরকারের নেওয়া সংস্কারমূলক পদক্ষেপগুলো ব্যাখ্যা করেন।

ফোরামে সেলুলার অপারেটর রবি-র মূল শেয়ারহোল্ডার আজিয়াটা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সোদ বাংলাদেশে আজিয়াটার ২৮ বছরের প্রবৃদ্ধি ও সফল অংশীদারিত্বের অভিজ্ঞতা তুলে ধরেন।

এছাড়া উপস্থিত ছিলেন পেট্রোলিয়াম ন্যাশনাল বেরহাদ (পেট্রোনাস)-এর প্রেসিডেন্ট ও গ্রুপ সিইও তেংকু মুহাম্মদ তৌফিক, খাজানাহ ন্যাশনাল-এর ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ফেইসাল ওয়ান জাহির, পাম অয়েল কোম্পানি সাইম ডার্বি প্লান্টেশনস, কুয়ালালামপুর কেপং বেরহাদ (কেএলকে), আইওআই কর্পোরেশন, ফেলদা গ্লোবাল ভেঞ্চারস (এফজিভি)-এর শীর্ষ কর্মকর্তারা, প্রোটন হোল্ডিংস বেরহাদের চেয়ারম্যান সৈয়দ ফয়সাল আলবার এবং গ্লোভ প্রস্তুতকারক টপ গ্লাভ কর্পোরেশনের নির্বাহী চেয়ারম্যান লিম উই চাই।

ব্যবসায়িক এই সমাবেশের আগে পুত্রজায়ায় মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এসআর

সম্পর্কিত খবর