[email protected] মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩

জবির চার দফা দাবিতে গণঅনশনে শিক্ষার্থীরা, দীপ্তি চৌধুরীর স্লোগানে আলোড়ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মে ২০২৫ ৮:০১ এএম

ফাইল  ছবি

আবাসন সংকটসহ চার দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১৬ মে) বিকাল থেকে রাজধানীর কাকরাইল মোড়ে তাঁরা গণঅনশন শুরু করেন।

এই কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে জবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকেও। আন্দোলনস্থলে তাঁকে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে অংশ নিতে দেখা যায়। এর মধ্যে তাঁর একটি ব্যতিক্রমধর্মী স্লোগান—‘মুলা না বোতল’—সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্লোগানটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মন্তব্য করেছেন ‘বোতল, বোতল’ বলে, আবার কেউ কেউ বলেছেন, ‘বেশি বাড়াবাড়ি করা উচিত নয়।’ তবে অনেকেই এটিকে প্রতিবাদের ভিন্নধর্মী রূপ হিসেবে দেখছেন।

এদিকে, শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইস উদ্দীন জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে চার দফা দাবিতে আন্দোলন করছেন, তা হলো:

  1. আবাসন সুবিধা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু করতে হবে।
  2. ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কোনো কাটছাঁট ছাড়াই অনুমোদন করতে হবে।
  3. বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নে প্রকল্পটি পরবর্তী একনেক সভায় অনুমোদন দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে।
  4. শিক্ষক নিপীড়নে জড়িত পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনতে হবে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।

এসআর

সম্পর্কিত খবর