[email protected] শনিবার, ১৫ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ ১৪৩৩

১২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন: দুদকের মামলা সাবেক এনবিআর সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৫ ৬:১৬ এএম

ফাইল ছবি

১২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সাবেক সদস্য মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ এবং ছেলে-মেয়ের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার, দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এই তিনটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি বলেন, দুদক এনবিআর-এর সাবেক সদস্য মতিউর রহমানকে তার সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছিল। পরবর্তী অনুসন্ধানে তার এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়।

মামলার এজাহারে বলা হয়েছে, মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং ১ কোটি ৫৩ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া, তার মেয়ে ফারজানা রহমানের বিরুদ্ধে ২ কোটি ৪৫ লাখ টাকার গোপন সম্পদ এবং ৫৩ কোটি ৪১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এই মামলায় মতিউর রহমানকে সহযোগী আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তৃতীয় মামলায়, মতিউরের প্রথম স্ত্রীর ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিরুদ্ধে ১৩ কোটি ৩৮ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৪২ কোটি ২২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এই মামলায়ও মতিউর রহমানকে সহযোগী আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে, গত ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর (শাম্মী আখতার শিবলী) বিরুদ্ধে ১১ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ১২০ টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুইটি মামলা দায়ের করা হয়েছিল।

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে মুশফিকুর রহমান ইফাত নামে এক যুবক, যিনি কুরবানির জন্য ১৫ লাখ টাকায় একটি ছাগল কিনে তুমুল আলোচনা সৃষ্টি করেছিলেন। তার বাবা হিসেবে জানা যায়, এনবিআরের সাবেক সদস্য এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানের নাম। এর পরই শুরু হয় মতিউর রহমান ও তার পরিবারের বিপুল বিত্তবৈভবের চাঞ্চল্যকর তথ্যের বিস্তার।

 

এসআর

সম্পর্কিত খবর