[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬ ৪:১৪ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এবং এর আশপাশের এলাকায় জনসমাগম ও বিভিন্ন কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এ সময় ওই এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি পালন করা যাবে না।

একই সঙ্গে অস্ত্র, বিস্ফোরক ও জননিরাপত্তার জন্য ক্ষতিকর কোনো বস্তু বহনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৯ নভেম্বর সংসদের চতুর্থ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। অধিবেশন চলাকালে সংসদ ভবন ও সংলগ্ন এলাকার নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমপির নির্দেশনা অনুসারে, আগামী ৮ নভেম্বর রোববার রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। সংসদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে মহাখালী ক্রসিং থেকে পুরোনো বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত ময়মনসিংহ রোডের অংশ।

এ ছাড়া বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে সার্ক ফোয়ারা, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোড হয়ে ফার্মগেট এবং শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত মিরপুর রোডের নির্দিষ্ট অংশও এর অন্তর্ভুক্ত।

একইভাবে রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরোনো নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত এলাকা, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত এবং জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকাতেও এ বিধিনিষেধ কার্যকর থাকবে।

এসব সীমানার মধ্যবর্তী সব সড়ক ও গলিও নিষেধাজ্ঞার আওতাভুক্ত বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর