জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এক আসামিকে জামিন করিয়ে দেওয়ার কথা বলে এক কোটি টাকা ঘুষ দাবির অভিযোগে আলোচনায় আসা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার দেশ ছেড়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
সাইমুম রেজার বিরুদ্ধে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির প্রতিবেদন আট মাসেও প্রকাশ না হওয়া এবং এর মধ্যেই তার দেশত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে আমিনুল ইসলাম বলেন, তদন্ত কার্যক্রম এখন শেষ পর্যায়ে রয়েছে।
ট্রাইব্যুনালে দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই অভিযুক্ত প্রসিকিউটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে তার বিদেশযাত্রায় আদালতের কোনো নিষেধাজ্ঞা না থাকায় দেশত্যাগ ঠেকানোর এখতিয়ার চিফ প্রসিকিউটরের কার্যালয়ের ছিল না।
তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্বের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, কমিটির একজন সদস্য দীর্ঘদিন অসুস্থ ছিলেন।
এ ছাড়া তিনি নিজেও কিছু সময় দেশের বাইরে ছিলেন এবং অপর এক প্রসিকিউটরের মায়ের মৃত্যুর কারণে তিনিও দীর্ঘদিন দায়িত্ব পালন করতে পারেননি। এসব কারণে প্রতিবেদন তৈরিতে সময় লেগেছে। তবে শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
চিফ প্রসিকিউটর আরও বলেন, ঘুষ দাবি করা যেমন অপরাধ, তেমনি ঘুষ দেওয়াও অপরাধ। তাই এ ঘটনায় যারা ঘুষের প্রস্তাব নিয়ে এসেছিলেন, তাদের দায়ও বিবেচনায় নিতে হবে।
অভিযোগের সূত্রপাত হয় চট্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলাকে কেন্দ্র করে।
ওই মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে জামিনে মুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে তার পরিবারের কাছে এক কোটি টাকা দাবি করার অভিযোগ ওঠে তৎকালীন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে।
গত ১০ মার্চ প্রথম আলো ও নেত্র নিউজ এ বিষয়ে যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে।
এর আগের দিন, ৯ মার্চ পদত্যাগ করেন সাইমুম রেজা তালুকদার।
প্রতিবেদন প্রকাশের দিনই অভিযোগের সত্যতা যাচাইয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করে ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ।
তবে তদন্ত কমিটির আনুষ্ঠানিক প্রতিবেদন এখনো প্রকাশিত হয়নি।
এ/এইচ/টি