সৌদি আরবের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দেশটিতে ফ্লাইট পরিচালনার সূচিতে পরিবর্তন এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু হবে। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত প্রতিদিন দিনের বেলায় এসব ফ্লাইট পরিচালনা করা হবে।
অন্যদিকে, ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে আপাতত কোনো ফ্লাইট পরিচালনা করা হবে না। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াদগামী যাত্রীদের একটি উল্লেখযোগ্য অংশ বর্তমানে বিকল্প পথে সৌদি আরবে যাতায়াত করছেন। ফলে এ রুটে সরাসরি ফ্লাইটের যাত্রী চাহিদা কমে গেছে। এ পরিস্থিতিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে যাত্রীদের টিকিট, ফ্লাইটের সময়সূচি ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এফ/ডি