[email protected] বুধবার, ৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩

জাপান সফরের চুক্তি ও আলোচনার বিস্তারিত রাষ্ট্রপতিকে জানালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬ ৪:২১ পিএম

সংগৃহীত ছবি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক জাপান সফরের অভিজ্ঞতা এবং সফরে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে রাষ্ট্রপতিকে বিস্তারিত জানান।

 

প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে অভ্যর্থনা জানান। পরে তাদের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা এবং দেশটির শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের বিষয়গুলো তুলে ধরেন তারেক রহমান।

 

এ সময় দেশের সামগ্রিক পরিস্থিতি এবং জাতীয় স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন তারা।

 

প্রধানমন্ত্রীর জাপান সফরে দুই দেশের কৌশলগত ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। পাশাপাশি বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে জাপানি বিনিয়োগের সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।

 

এসব গুরুত্বপূর্ণ বিষয়ে উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বিস্তৃত ও শক্তিশালী হবে।

 

বঙ্গভবনে সাক্ষাৎ করতে যাওয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানান রাষ্ট্রপতি।

 

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবের পাশাপাশি প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব, একান্ত সচিব-২ এবং বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এফ/ডি

সম্পর্কিত খবর