[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩

তাহসিফ হত্যা: দীপের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬ ৪:১২ পিএম

সংগৃহীত ছবি

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি হত্যা মামলায় সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে আবারও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

এর আগে চার দিনের রিমান্ডে ছিলেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে এ আদেশ দেন।

 

চার দিনের রিমান্ড শেষে এদিন দীপকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ও নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। মামলার তদন্তের প্রয়োজনে তাকে আরও সাত দিন জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করেন তিনি।

 

আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের পাশাপাশি জামিন চান। দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন আবেদন নাকচ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে জানা গেছে, ঘটনার দিন তাহসিফকে সঙ্গে নিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন দীপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তাহসিফকে নিজের সিনিয়র বড় ভাই হিসেবে পরিচয় দিয়েছেন। তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়া গেছে বলেও আবেদনে দাবি করা হয়।

 

এর আগে ৩১ অক্টোবর দীপকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল। সেদিন শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হন তাহসিফ। গভীর রাত পর্যন্ত তিনি ফিরে না আসায় তার মা ফোন করেন। তখন কিছুক্ষণের মধ্যেই বাসায় ফেরার কথা জানিয়েছিলেন তাহসিফ। পরে রাত ১টা ৩৫ মিনিটে তার মায়ের মেসেঞ্জারে একটি ভয়েস বার্তা আসে। সেখানে বাসার উদ্দেশে রওনা হওয়ার কথা বলা হয়। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি

 

পরদিন ২৮ অক্টোবর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

 

এ ঘটনায় ৩০ অক্টোবর রাতে উত্তরখান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম। পরবর্তী সময়ে এ মামলায় দীপকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।

এফ/ডি

সম্পর্কিত খবর