পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে নিজ নিজ অবস্থান থেকে
দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-১ নুরজাহান খানম।
সোমবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি পরিদর্শনের সময় তিনি এই আহ্বান জানান। পরিদর্শনের অংশ হিসেবে তিনি সচিবালয়ের বর্জ্য নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা, মন্ত্রিপরিষদ ভবনের পার্কিং স্টেশন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ঘুরে দেখেন।
নুরজাহান খানম বলেন, পরিচ্ছন্নতা শুধু নির্দিষ্ট কোনো দপ্তর বা সংস্থার দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত বর্জ্য অপসারণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই।
তিনি আরও উল্লেখ করেন, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে সচিবালয়ের মতো প্রশাসনিক কেন্দ্র এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো জনবহুল এলাকায় বর্জ্য ব্যবস্থাপনায় আরও যত্নশীল হতে হবে। কোথাও যেন ময়লা-আবর্জনা জমে না থাকে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত না হয়, সেদিকে সংশ্লিষ্টদের কঠোর নজর রাখার নির্দেশ দেন তিনি।
মহাপরিচালক বলেন, পরিচ্ছন্নতার বিষয়টি কেবল একদিনের কার্যক্রম হিসেবে দেখার সুযোগ নেই; এটি প্রতিদিনের কাজের নিয়মিত অংশ হিসেবে নিশ্চিত করতে হবে। যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ করা, নির্ধারিত স্থানে ময়লা রাখা এবং নিয়মিত ড্রেন পরিষ্কারের মাধ্যমে পরিবেশ দূষণ ও জলাবদ্ধতার ঝুঁকি কমানো সম্ভব। এজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে তিনি সচিবালয়ের পানি চলাচলের স্বাভাবিক প্রবাহ ও বর্জ্য ব্যবস্থাপনার বিষয়গুলো পর্যবেক্ষণ করেন এবং মন্ত্রিপরিষদ ভবনের পার্কিং স্টেশন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরের সামগ্রিক পরিচ্ছন্নতা পরিস্থিতি ঘুরে দেখেন।
এইচ/এম