আগামী ২০২৭ সালের জন্য সরকারি ছুটির তালিকা চূড়ান্ত করেছে সরকার।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
তিনি জানান, আগামী বছরের ছুটির তালিকায় জাতীয় দিবস এবং বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটি রাখা হয়েছে। এর মধ্যে চার দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে। এসব দিনের মধ্যে শুক্রবার দুটি এবং শনিবার দুটি।
অন্যদিকে বাংলা নববর্ষসহ বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে নির্বাহী আদেশে আরও ১৪ দিন সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। এই ছুটির মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে পড়েছে। এর মধ্যে একটি শুক্রবার ও দুটি শনিবার।
মন্ত্রিপরিষদ সচিবের দেওয়া হিসাব অনুযায়ী, ২০২৭ সালে সাধারণ ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন থাকলেও সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়া সাত দিন বাদ দিলে কার্যকর ছুটি পাওয়া যাবে ২২ দিন।
এ ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ধর্মীয় উৎসব পালনে ঐচ্ছিক ছুটির ব্যবস্থাও রাখা হয়েছে। নিজ নিজ ধর্মীয় উৎসব উপলক্ষে তারা বছরে সর্বোচ্চ তিন দিন এ ছুটি নিতে পারবেন।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় কর্মরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি কর্মচারীরা নিজেদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ উৎসব পালনের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন।
এর আগে সোমবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।
এফ/ডি