[email protected] মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন গ্যাসের কূপের সন্ধান, দৈনিক মিলবে ১ কোটি ঘনফুট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬ ৭:০৬ পিএম

সংগৃহীত ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের

 খননকাজ শেষে নতুন গ্যাসের সন্ধান মিলেছে। কূপটির দুটি জোনে প্রায় ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে, যেখান থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হবে ১০ মিলিয়ন (১ কোটি) ঘনফুট গ্যাস।

​সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে অগ্নিপ্রজ্বালনের মাধ্যমে কূপটিতে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করে কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে দেশের জ্বালানি খাতে আরেকটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।

​রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) জানায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাপেক্স পরিচালিত ত্রিমাত্রিক সিসমিক সার্ভের প্রতিবেদনের ওপর ভিত্তি করে গত ৮ জুলাই কূপটির খননকাজ শুরু হয়। বাপেক্সের নিজস্ব ‘বিজয়-১০’ রিগ ব্যবহার করে প্রায় সাড়ে তিন মাস ধরে ৩ হাজার ২৮৯ মিটার গভীর পর্যন্ত খননকাজ চালানো হয়। পরবর্তী সময়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে কূপটির দুটি আলাদা জোনে এই গ্যাসের সন্ধান পাওয়া যায়।

​বাপেক্সের তথ্য অনুযায়ী, এই দুই জোনে মোট ৯ হাজার ৭৬৯ কোটি ঘনফুট (৯৭.৬৯ বিসিএফ) গ্যাসের মজুত রয়েছে। বর্তমান বাজারমূল্য অনুযায়ী এই গ্যাসের আনুমানিক মূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা। সফল পরীক্ষা-নিরীক্ষা শেষে কূপটি থেকে প্রতিদিন প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

​প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক জানান, কূপটিতে গ্যাসের পাশাপাশি তেল বা অন্য কোনো খনিজ আছে কিনা, তা আগামী ১৫ দিনের নিবিড় পর্যবেক্ষণ ও ডিএসটি পরীক্ষার পর নিশ্চিত করা যাবে। বাপেক্সের ড্রিলিং ইনচার্জ রকিবুল হাসানও অগ্নিপ্রজ্বালনের মাধ্যমে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করেছেন।

​এদিকে নতুন এই গ্যাস আবিষ্কারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয়রা। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, এই আবিষ্কার দেশের জ্বালানি খাতে নতুন দুয়ার উন্মোচন করবে। নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, এই গ্যাস সম্পদ দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখার পাশাপাশি কোম্পানীগঞ্জ ও নোয়াখালীর শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে নতুন সুযোগ সৃষ্টি করবে।

এইচ/এম

সম্পর্কিত খবর