[email protected] মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩

মা ইলিশের প্রজনন মৌসুমে নদী-উপকূলে বিমানবাহিনীর বিশেষ তৎপরতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬ ৭:০১ পিএম

সংগৃহীত ছবি

মা ইলিশের প্রজনন মৌসুমে অবৈধ মাছ ধরা বন্ধ এবং সংরক্ষণ কার্যক্রম জোরদার করতে দেশের বিভিন্ন নদী ও উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী।

হেলিকপ্টারের মাধ্যমে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হয়।

 

সোমবার (২ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে বিমানবাহিনী আকাশপথে নজরদারি চালায়।

 

এ কার্যক্রমের আওতায় ঢাকা থেকে মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল ও ভোলার বিভিন্ন নদীতে পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি যশোর থেকে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার নদী এবং চট্টগ্রাম থেকে কুতুবদিয়া এলাকার জলপথেও নজরদারি পরিচালিত হয়।

 

আইএসপিআর জানায়, মাদারীপুর ও শরীয়তপুরের নদীতে নজরদারির সময় মাছ ধরার নৌযান শনাক্ত হলে হেলিকপ্টারে থাকা শক্তিশালী সার্চলাইট ব্যবহার করে সেগুলোকে সতর্ক করা হয়।

 

বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হেলিকপ্টারে সংযুক্ত বিশেষ সার্চলাইটের কারণে রাতের অন্ধকারেও নদীতে চলাচলকারী নৌযান পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছে। এ ছাড়া স্বল্প আলোতে কার্যক্রম পরিচালনার জন্য অভিযানে অংশ নেওয়া সদস্যরা নাইট ভিশন গগলস ব্যবহার করেন।

 

নজরদারির পাশাপাশি আকাশ থেকে ভূমিতে যোগাযোগব্যবস্থার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মৎস্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করা হয়।

 

বিমানবাহিনী আরও জানিয়েছে, নির্ধারিত অভিযানের বাইরেও বিভিন্ন বিমানঘাঁটি থেকে পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রমের সময় উপকূলীয় এলাকায় বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।

 

‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় পরিচালিত এসব উদ্যোগের মাধ্যমে দেশের মৎস্যসম্পদ ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে সহযোগিতা করছে বিমানবাহিনী। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে সংস্থাটি।

এফ/ডি

সম্পর্কিত খবর