আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে পুঁজি করে ব্যবসা করেছে এবং আরেকটি দল জুলাই চেতনাকে
নিয়ে ব্যবসা করছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী ও কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
সোমবার (২ নভেম্বর) কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে তার নিজস্ব তহবিল থেকে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ধর্মমন্ত্রী বলেন, "আমরা কোনো চেতনা নিয়ে ব্যবসা করতে চাই না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন—যার যার প্রাপ্য সম্মান তাকে দিতে হবে। জুলাই বিপ্লবের চেতনাকে পাথেয় করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে যাদের অবদান রয়েছে, তাদেরও যথাযথ সম্মান জানাতে হবে।"
তিনি আরও উল্লেখ করেন যে, বিএনপির প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা এবং বর্তমান প্রধানমন্ত্রীও একজন মুক্তিযোদ্ধার সন্তান। নিজের চিকিৎসার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার চিকিৎসার জন্য দীর্ঘ ছুটি দিয়ে যে সহানুভূতি দেখিয়েছেন, সে জন্য তিনি ও তার পরিবার আন্তরিকভাবে কৃতজ্ঞ।
প্রধানমন্ত্রীর বিভিন্ন জনকল্যাণমুখী উদ্যোগের প্রশংসা করে ধর্মমন্ত্রী বলেন, তিনি সবসময় দেশের দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের ভাতার ব্যবস্থা চালু করা হয়েছে। বক্তব্যের শেষে তিনি প্রধানমন্ত্রীকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে রক্ষায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও সাকিব হাসান খানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শারমিন ফাতেমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুরাদনগর, বাঙ্গরা বাজার ও তিতাস সার্কেলের সহকারী পুলিশ সুপার একেএম কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন ও সদস্যসচিব মোল্লা মুজিবুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এইচ/এম