[email protected] মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩

'উসকানিতে বিভ্রান্ত হবেন না’, শ্রমিকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬ ৬:৩৮ পিএম

সংগৃহীত ছবি

পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনে স্বার্থান্বেষী একটি পক্ষ যুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শ্রমিকদের এ ধরনের উসকানিতে প্রভাবিত না হয়ে কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

 

সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে পোশাকশিল্পের শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 

তিনি বলেন, শ্রমিকদের মূল দাবির পরিপ্রেক্ষিতে সরকার ইতোমধ্যে ন্যূনতম মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে। বোর্ডে শ্রমিক প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিষয়ে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে।

 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রচলিত আইন অনুযায়ী প্রতি তিন বছর পরপর শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের বিধান রয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

 

আন্দোলনে বিশৃঙ্খলা ও সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক বিক্ষোভের ভিডিও ফুটেজ পর্যালোচনায় কিছু মুখোশধারী ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তির উপস্থিতি দেখা গেছে। তাদের সঙ্গে মূলধারার শ্রমিক ও শ্রমিক নেতাদের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, একটি পক্ষ শ্রমিকদের স্বার্থ ক্ষুণ্ন করতে আন্দোলনের মধ্যে ঢুকে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

 

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি বিবেচনায় নিয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। মজুরি বোর্ডের মাধ্যমে বিষয়টির সমাধানের সুযোগ রয়েছে। তাই শিল্পকারখানার উৎপাদন ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

 

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং শ্রমিক নেতা ও সংসদ সদস্য শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।

 

এ ছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে মির্জা আল শামীম, মো. মোস্তফা, অরবিন্দু বেপারী বিন্দু, আকাশ আহম্মেদ বাবুল, শাকিল হোসেন মোবারক, আমীর হামজা খান, তৌহিদুর রহমান, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, লাভলী ইয়াসমীন ও মো. জাকির হোসেনসহ অনেকে বৈঠকে অংশ নেন।

এফ/ডি

সম্পর্কিত খবর