পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জড়িতদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট দাবি নিয়ে বর্তমানে কোনো আন্দোলন চলমান নেই। শ্রমিকদের অন্যতম দাবি ছিল নতুন মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন। ইতোমধ্যে সরকার সেই বোর্ড গঠন করেছে।
তিনি আরও বলেন, মজুরি বোর্ড গঠনের দাবিতে শ্রমিকরা কখনো সড়ক-মহাসড়ক অবরোধ করেননি। সাম্প্রতিক ঘটনায় গ্রেপ্তার হওয়া কয়েকজন মুখোশধারী ব্যক্তিকে রাজনৈতিক স্লোগান দিতে দেখা গেছে বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পাশাপাশি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় শ্রমিক নেতারা তাদের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয়গুলো তুলে ধরেন।
এর আগে সোমবার সকালে সচিবালয়ে তৈরি পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে তিনি জানিয়েছিলেন, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে।
মন্ত্রী জানান, রোববার (১ নভেম্বর) নতুন মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে শ্রমিক, মালিকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত নিয়ে মজুরি নির্ধারণের বিষয়ে আলোচনা হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের অধিকার ও স্বার্থ সুরক্ষার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার পরামর্শ দিয়েছেন।
বাস্তব পরিস্থিতি ও সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ভিত্তিতেই নতুন মজুরি নির্ধারণ করা হবে।
এ/এইচ/টি