[email protected] মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩

নতুন বেতনকাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, সঙ্গে তিন মাসের বকেয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬ ৬:৪৮ পিএম

সংগৃহীত ছবি

নতুন জাতীয় বেতনকাঠামোর আওতায় অক্টোবর মাসের নিয়মিত বেতনের সঙ্গে গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বর্ধিত বেতনের বকেয়া পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পেনশনভোগীদের একটি বড় অংশ।

রোববার (১ নভেম্বর) সকালে প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং আট লাখ পেনশনভোগীর হিসাবে এ অর্থ জমা হয়েছে।

অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, যেসব কর্মকর্তা-কর্মচারীর পে ফিক্সেশন বা নতুন বেতন নির্ধারণের কাজ ২৫ অক্টোবরের মধ্যে সম্পন্ন হয়েছে, প্রথম পর্যায়ে তারাই বর্ধিত বেতন ও বকেয়া পেয়েছেন।

যাদের বেতন নির্ধারণের প্রক্রিয়া এখনো শেষ হয়নি, তাদের আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বকেয়াসহ অর্থ পরিশোধের আশা করা হচ্ছে।

একই সঙ্গে প্রায় ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষকের নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতন দেওয়ার প্রক্রিয়াও এগিয়ে চলছে।

তবে নতুন কাঠামো কার্যকর হওয়ার পর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বেতন গ্রেডের জ্যেষ্ঠতা, পদক্রম এবং বাড়িভাড়া ভাতা নিয়ে কিছু অসংগতি সামনে এসেছে।

এসব জটিলতার কারণে কারও আর্থিক সুবিধা কমে যাওয়া, এমনকি পদোন্নতির পরও বেতন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিষয়গুলো সমাধানের অনুরোধ জানিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে লিখিত আবেদন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, এসব সমস্যা নিরসনে কাজ চলছে।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর নতুন জাতীয় বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ১ জুলাই থেকে নতুন বেতনকাঠামো কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়।

আগের মতো ২০টি গ্রেড বহাল রেখে ১ থেকে ১১তম গ্রেডের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ এবং ১২ থেকে ২০তম গ্রেডের মূল বেতন ১১৫ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, বর্ধিত বেতন একবারে পুরোপুরি কার্যকর না করে কয়েক ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।

প্রথম পর্যায়ে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তার ওপরের গ্রেডের কর্মকর্তারা ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৫০ শতাংশ হারে বর্ধিত মূল বেতন পাচ্ছেন।

পরবর্তী সময়ে ২০২৭ ও ২০২৮ সালের বিভিন্ন ধাপে নতুন বেতনকাঠামো এবং অন্যান্য ভাতার পূর্ণাঙ্গ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর