[email protected] মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬ ৭:৩৫ পিএম

সংগৃহীত ছবি

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম শুরু হয়েছে।

 সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী নভেম্বরেই উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম মোবাইল ফোনে এ তথ্য নিশ্চিত করেন।

 

মন্ত্রী জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে দ্বিতীয় পর্যায়ের পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হয়। এরপর নিরাপত্তা ও নিয়ন্ত্রণব্যবস্থা অনুসরণ করে ধাপে ধাপে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু করা হয়েছে।

 

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কেন্দ্রটির প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক কার্যক্রম শুরুর অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। এ পর্যায়ে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ চেইন রিঅ্যাকশন বা পারমাণবিক বিভাজন প্রক্রিয়া চালু করার উদ্যোগ নেওয়া হয়। এর ফলে চুল্লিতে নিয়ন্ত্রিত উপায়ে ধীরে ধীরে শক্তি উৎপাদনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হবে।

 

প্রকল্পসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা মেনে রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত কেন্দ্রটির প্রথম ইউনিটের ‘বি-১’ পর্যায়ের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। পাশাপাশি স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের পরীক্ষা নিয়ে তৈরি হওয়া জটিলতাও সমাধান করা হয়েছে।

 

পরবর্তী পরীক্ষাগুলো সফলভাবে শেষ হলে রূপপুর কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে যাবে।

এসআর

সম্পর্কিত খবর