[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

আইজিপির মন্তব্য প্রত্যাহার ও ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার দাবি ডিআরইউর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬ ৯:৪৬ পিএম

সংগৃহীত ছবি

সাংবাদিকদের সম্পর্কে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

বিতর্কিত বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা।

 

সোমবার পুরান ঢাকার চকবাজারে একটি অনুষ্ঠানে আইজিপি বলেন, মাদকের টাকা না পেয়ে সাংবাদিকেরা পুলিশকে অকার্যকর বলে সংবাদ প্রকাশ করেন। বিভিন্ন জাতীয় গণমাধ্যমে এ ধরনের প্রতিবেদন প্রকাশিত হয় বলেও মন্তব্য করেন তিনি।

 

আইজিপির বক্তব্যের পরিপ্রেক্ষিতে সোমবার এক বিবৃতিতে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন, সাংবাদিকদের সততা ও পেশাগত দায়িত্বশীলতা নিয়ে সামগ্রিকভাবে নেতিবাচক মন্তব্য করা স্বাধীন সাংবাদিকতার জন্য ক্ষতিকর। মাদক ব্যবসা, অপরাধ, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের নিয়মিত পেশাগত দায়িত্বের অংশ। পুলিশের শীর্ষ পদে থাকা কোনো ব্যক্তির কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশিত নয়।

 

বিবৃতিতে ডিআরইউ নেতারা আরও বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে পুলিশের কোনো সদস্যের অভিযোগ থাকলে যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনগতভাবে তা নিষ্পত্তি করা উচিত। প্রমাণ ছাড়া সামগ্রিকভাবে সাংবাদিকদের নিয়ে নেতিবাচক মন্তব্য করলে তাঁদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি গণমাধ্যমের ওপর সাধারণ মানুষের আস্থাও কমতে পারে।

 

সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক আইজিপিকে তাঁর বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তাঁরা সতর্ক করে বলেন, নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়া না হলে স্বাধীন সাংবাদিকতা এবং সাংবাদিকদের সম্মান রক্ষায় ডিআরইউ কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

এসআর

সম্পর্কিত খবর