পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার অভিযোগে ক্ষোভ জানিয়েছেন চলচ্চিত্র অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান সোহেল রানা।
পোস্টে তিনি উল্লেখ করেন, একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া মানিক পশারীকে দাফন করতে বাধার মুখে পড়তে হয়েছে। একপর্যায়ে তার মেয়ে হারিকেনের আলোয় নিজ হাতে মাটি খুঁড়ে বাবার কবর তৈরি করেন। সোহেল রানার দাবি, এর আগে খোঁড়া কবরটি বাধাদানকারীরা মাটি দিয়ে ভরাট করে দিয়েছিল।
এ ঘটনায় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই অভিনেতা। তিনি মনে করেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকার দাবি করলেও এ ঘটনার পর কার্যকর পদক্ষেপের দৃশ্যমানতা নিয়ে প্রশ্ন উঠেছে। জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন সোহেল রানা। তার মতে, মুক্তিযোদ্ধারা জীবনের শেষ পর্যায়ে পৌঁছালেও মুক্তিযুদ্ধের চেতনা পরবর্তী প্রজন্মের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে কি না, তা নিয়ে ভাবার অবকাশ রয়েছে।
পোস্টের শেষাংশে মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের ঘটনায় মুক্তিযোদ্ধারা গভীরভাবে মর্মাহত হন। তাই এবার আর ক্ষমা নয়—এমন কঠোর অবস্থানের কথা তুলে ধরেন তিনি।
উল্লেখ্য, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী। তার মৃত্যুর পর দাফন নিয়ে বিতর্ক তৈরি হয়। অভিযোগ অনুযায়ী, দাফনে বাধা দেওয়ার কারণে মৃত্যুর প্রায় ১৭ ঘণ্টা পর শনিবার গভীর রাতে পরিবারের নারী সদস্যদের খোঁড়া কবরে তাকে দাফন করা হয়।
এসআর