উত্তর বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত থাকায় আগামী পাঁচ দিন দেশের
আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৯ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা স্বাক্ষরিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) এবং বুধবার (২১ অক্টোবর) আবহাওয়া পরিস্থিতি প্রায় একই রকম থাকতে পারে। এই দুই দিনও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে বুধবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া বৃহস্পতিবার (২২ অক্টোবর) ও শুক্রবার (২৩ অক্টোবর) দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক এবং আংশিক মেঘলা থাকতে পারে। বৃহস্পতিবার তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও শুক্রবার দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিন পর বঙ্গোপসাগরে নতুন করে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এসআর