সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিস্তারিত জানতে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশ সরকার।
এর আগে শনিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছিলেন, এ বিষয়ে সৌদি সরকারের কাছ থেকে বাংলাদেশ এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিবেদন পায়নি। ঘটনার প্রকৃত তথ্য জানতে ইতোমধ্যে সৌদি আরবের কাছে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে বাংলাদেশের শ্রম উইংয়ের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, মক্কার একটি মসজিদের ভেতরে ‘ব্যভিচারে’ জড়িত থাকার অভিযোগে ওই দুই বাংলাদেশির বিরুদ্ধে দেশটির আইনে ব্যবস্থা নেওয়া হয়।
তবে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানতে পারেনি।
সৌদি কর্তৃপক্ষের জবাব পাওয়ার পর পুরো ঘটনা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানান শামা ওবায়েদ।
একই সঙ্গে নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হবে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে গত বুধবার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশ করে।
তারা হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।
ঘটনাটি সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য সংগ্রহ এবং পরবর্তী করণীয় নির্ধারণে সৌদি কর্তৃপক্ষের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
এসআর