[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে জালিয়াতি: সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬ ৫:৩৯ পিএম

সংগৃহীত ছবি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ

 পাওয়ার জন্য জীবনবৃত্তান্তে (সিভি) মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

​রোববার (১৮ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সচিব মো. সাইদুর রহমান খান। এর আগে ২০২৫ সালের ২০ মার্চ মিথ্যা তথ্য দিয়ে চাকরি নেওয়া এবং সূচনা ফাউন্ডেশনের নামে ব্যাংক থেকে অর্থ আদায়ের অভিযোগে পুতুলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছিল দুদক।

​দুদকের তদন্তে বলা হয়েছে, ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে আবেদন করতে জমা দেওয়া সিভিতে সায়মা ওয়াজেদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ‘অনারারি স্পেশালিস্ট/এক্সপার্ট’ হিসেবে কাজ করার মিথ্যা ও বানোয়াট তথ্য ব্যবহার করেন। এছাড়া তিনি বাস্তবে বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষকতা বা শিক্ষা ম্যানুয়েল তৈরি ও রিভিউ সংক্রান্ত কোনো কার্যক্রমে অংশ না নিয়েও সিভিতে নিজেকে এসব কাজের সঙ্গে যুক্ত বলে দাবি করেন।

​দুদকের অভিযোগে আরও উল্লেখ করা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে ২০১৭ সালে অটিজম ও স্নায়ুবিকাশজনিত সমস্যাবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন নিযুক্ত হওয়ার পর তিনি এই জালিয়াতির আশ্রয় নেন। সিভিতে দেওয়া এই অসত্য তথ্যের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে ক্ষমতার অপব্যবহার করা হয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জেনেভায় ডব্লিউএইচওর সদর দপ্তরে নথি পাঠানো হয়, যার মাধ্যমে তিনি আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভ করেন। এর ফলে রাষ্ট্রের সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলে দুদকের তদন্তে উঠে এসেছে।

​সায়মা ওয়াজেদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে দুদক।

এসআর

সম্পর্কিত খবর