অন্যায়, নিপীড়ন ও অসত্যকে পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন বলে মন্তব্য করেছেন
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৮ অক্টোবর (রোববার) শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে ঢাকার রমনা কালী মন্দির পরিদর্শনকালে তিনি এ কথা জানান।
রমনা কালী মন্দিরে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। তিনি বলেন, দুর্গাপূজা সত্য, শান্তি ও মানবকল্যাণের বার্তা বহন করে। বিশ্বজুড়ে অস্থিরতা ও হিংসা-বিদ্বেষের মাঝেও বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় উৎসব উদযাপন করছেন, যা পারস্পরিক সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে যে ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, তা বিশ্বে বিরল।
ইতিহাস তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালে রমনা কালী মন্দির ধ্বংসের চেষ্টা করা হয় এবং পরবর্তীকালে ১৯৭৩ সালেও এটিকে ক্ষতিগ্রস্ত করা হয়। যারা ধর্মনিরপেক্ষতার কথা বলত, তাদের আমলেই এ ঘটনা ঘটেছিল। পরবর্তীতে ২০০১ সালে গয়েশ্বর চন্দ্র রায়ের উদ্যোগে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় মন্দিরটি পুনর্নির্মাণ করে আগের ঐতিহ্যে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। এ সময় তিনি বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের সম্প্রীতির পরিবেশ নিয়ে প্রায়শই নানা অপপ্রচার করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাবে বলে তিনি আশ্বাস দেন। বক্তব্য শেষে তিনি আয়োজিত সাংস্কৃতিক পরিবেশনার প্রশংসা করেন এবং সার্বজনীন এই উৎসবের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার, রমনা মন্দিরের সভাপতি অর্পনা রায় দাস ও সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় মন্দিরের সদস্য সুভাষ চন্দ্র দাস রাষ্ট্রপতিকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান।
এসআর