রাজধানীর আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার আকস্মিক পরিদর্শন করেছেন
প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কোয়ার্টারে সাবলেট ভাড়া দেওয়া এবং সামগ্রিক অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) সকালে এই পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। কোয়ার্টারের বিভিন্ন অলিগলি, চলাচলের পথ এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখার পর পরিচ্ছন্নতার ঘাটতি থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর কারণ জানতে চান।
পরিদর্শনকালে প্রধান প্রধান বিষয়গুলো নিচে তুলে ধরা হলো:
সাবলেট প্রসঙ্গে: কোয়ার্টারে সাবলেট ভাড়া দেওয়ার বিষয়টি নজরে আসার পর প্রধানমন্ত্রী প্রশ্ন তুলে বলেন, সাবলেট দেওয়া কি বৈধ? বৈধ না হয়ে থাকলে এসব কীভাবে চলছে—তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। একই সঙ্গে কোয়ার্টারের পরিবেশ উন্নয়নে বাসিন্দাদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
পরিচ্ছন্নতা ও সময়সীমা: কোয়ার্টারের রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আগামী দুই সপ্তাহের মধ্যে দৃশ্যমান উন্নতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বাসিন্দাদের অভিযোগ: পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দারা অপরিচ্ছন্ন পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং দ্রুত সমস্যাগুলো সমাধানের জন্য সংশ্নিষ্টদের নির্দেশ দেন।
অন্যান্য কর্মসূচি: পরিদর্শনের একপর্যায়ে কোয়ার্টারে উপস্থিত শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
এসআর