[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

সরকারি বাসা বরাদ্দে অনলাইন ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬ ৬:৫৯ পিএম

সংগৃহীত ছবি

সরকারি বাসা বরাদ্দের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে অনলাইনভিত্তিক ব্যবস্থা চালু করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

নতুন পদ্ধতিতে আবেদন গ্রহণ, যাচাই-বাছাই এবং বরাদ্দের ফলাফল প্রকাশের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ফলে বরাদ্দপ্রত্যাশীরা অনলাইনে সহজেই ফলাফল জানতে পারবেন বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৫ সেপ্টেম্বর সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এরপর ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। বিভিন্ন শ্রেণির ৫৪টি শূন্য বাসার বিপরীতে জমা পড়ে মোট ৫৯৬টি আবেদন।

আবেদনগুলো যাচাই করে ৩৪২টিকে গ্রহণযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, নির্ধারিত শর্ত পূরণ না করায় ২৫৪টি আবেদন বাতিল করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইনে বাসা বরাদ্দের ফলাফল প্রকাশ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী জাকারিয়া তাহের।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে বাসা বরাদ্দের প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও জনবান্ধব করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, সচিব মো. ওবায়দুর রহমান, অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন এবং সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগে সরকারি বাসা বরাদ্দের কার্যক্রম মূলত প্রচলিত ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালিত হতো।

নতুন ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বাড়ায় ফলাফল জানতে বরাদ্দপ্রত্যাশীদের সরাসরি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগের প্রয়োজনীয়তা কমবে। পাশাপাশি তথ্যপ্রাপ্তি সহজ হওয়ার সঙ্গে বরাদ্দ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রণালয়ের এ উদ্যোগের মাধ্যমে সরকারি আবাসনসেবা আরও সহজলভ্য করার পাশাপাশি আবেদন যাচাই ও ফলাফল প্রকাশের ক্ষেত্রে সময় ও ভোগান্তি কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর