[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম ও রিয়াদে বিমানের সব ফ্লাইট বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬ ৬:৪৯ পিএম

সংগৃহীত ছবি

সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

ঢাকা থেকে গন্তব্য দুটিতে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত সংস্থাটির সব ফ্লাইট স্থগিত থাকবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং সংশোধিত সময়সূচি পরে জানানো হবে। এ-সংক্রান্ত তথ্য গণমাধ্যমের পাশাপাশি যাত্রীদেরও অবহিত করা হবে।

তবে দাম্মাম ও রিয়াদ রুট বন্ধ থাকলেও সৌদি আরবে যাতায়াতের বিকল্প হিসেবে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করতে পারবেন যাত্রীরা।

যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়াতে মদিনা রুটে বোয়িং ৭৮৭-এর পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বিমান। এতে প্রতিটি ফ্লাইটে আসনসংখ্যা ১৪৮টি বাড়বে।

এ ছাড়া জেদ্দা রুটে আরও তিনটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে সৌদি আরবগামী যাত্রীদের চাপ সামাল দেওয়া এবং বিকল্প রুটে যাতায়াতের সুযোগ বাড়ানোর চেষ্টা করছে বিমান কর্তৃপক্ষ।

টিকিট, ফ্লাইটের সময়সূচি ও ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর