[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের ফ্লাইট বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬ ৬:৪৯ পিএম

সংগৃহীত ছবি

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সময় অনুযায়ী ১৭ অক্টোবর পর্যন্ত এই দুই গন্তব্যে বিমানের কোনো ফ্লাইট চলাচল করবে না। পরবর্তী সিদ্ধান্ত ও সংশোধিত সময়সূচি পরে জানানো হবে।

 

তবে জরুরি প্রয়োজনে সৌদি আরবে যাতায়াত কিংবা বাংলাদেশে ফিরতে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। এ বিষয়ে টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্য জানতে বিমানের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

 

এর আগে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করে বিমান। একই পরিস্থিতিতে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনসও ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট বাতিলের ঘোষণা দেয়।

 

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, শনিবার থেকে সোমবার বিকেল পর্যন্ত সৌদিগামী বিভিন্ন এয়ারলাইনসের মোট ৫১টি ফ্লাইট স্থগিত বা বাতিল হয়েছে। এর মধ্যে সৌদি আরবের সঙ্গে সরাসরি চলাচলকারী ফ্লাইট ছিল ১২টি, আর ট্রানজিট ফ্লাইট ছিল ৩৯টি। ফ্লাইট বিপর্যয়ের কারণে সোমবার পর্যন্ত ৫ হাজার ৪১৮ জন যাত্রী সৌদিতে নির্ধারিত গন্তব্যে যেতে পারেননি।

 

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সময়ে ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিক্রয়কেন্দ্র বা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর