[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

শিক্ষকতা কখনো উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬ ৯:০৮ পিএম

সংগৃহীত ছবি

শিক্ষকতাকে কখনোই অন্য কোনো পেশায় সুযোগ না পেয়ে বেছে নেওয়া বিকল্প হিসেবে দেখা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, দেশের সবচেয়ে মেধাবী ও যোগ্য মানুষরা যেন শিক্ষকতাকে তাদের পছন্দের প্রথম পেশা হিসেবে গ্রহণ করতে আগ্রহী হন, সরকার সেই লক্ষ্যেই শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকরভাবে সাজাতে চায়।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিস্তারের এই সময়ে কারিগরি ও ব্যবহারিক শিক্ষার গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে।

শিক্ষক দিবস এমন এক সময়ে পালিত হচ্ছে, যখন শিক্ষা খাতে একই সঙ্গে নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা তৈরি হয়েছে।

তিনি বলেন, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যার মাধ্যমে দেশে কোনো মানুষ বেকার থাকবে না।

আগামী পাঁচ বছরে শিক্ষা খাতে বাজেট আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষকদের সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের বাস্তবতা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তবে শিক্ষার মূল উদ্দেশ্য শুধু কর্মসংস্থান সৃষ্টি নয়; নৈতিকতা, দেশপ্রেম, মানবিকতা ও শৃঙ্খলার মতো মূল্যবোধও শিক্ষাব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত।

এসআর

সম্পর্কিত খবর