[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

হাম-রুবেলা টিকা বিষয়ে সচেতনতা বাড়াতে ইমামদের সম্পৃক্ত করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬ ১১:২৯ এএম

সংগৃহীত ছবি

হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে টিকাদান বিষয়ে জনসচেতনতা বাড়াতে দেশের মসজিদ, ইমাম ও

 খতিবদের সম্পৃক্ত করে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী।

​রোববার (৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনে আয়োজিত ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে এক এডভোকেসি ও পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী বলেন, শিশুদের সুস্থতা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মসূচি সফল করতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

​সভায় বক্তারা উল্লেখ করেন, শিশুদের প্রতিরোধযোগ্য এসব রোগ থেকে সুরক্ষিত রাখতে সময়মতো টিকা দেওয়া জরুরি। টিকাদান নিয়ে মানুষের মধ্যকার বিভ্রান্তি দূর করতে ইমাম, খতিব ও আলেম-ওলামারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। জুমার খুতবাসহ মসজিদভিত্তিক কার্যক্রমের মাধ্যমে অভিভাবকদের উৎসাহিত করা সম্ভব বলে তারা মত প্রকাশ করেন।

​সভায় হাম-রুবেলার বর্তমান পরিস্থিতি ও টিকাদানের গুরুত্ব নিয়ে তথ্য উপস্থাপন করেন ইপিআই ও স্বাস্থ্য অধিদপ্তরের মেডিক্যাল অফিসার ডা. রাজিব সরকার। ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমির পরিচালক সরকার সরোয়ার আলমের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ সভায় সভার উদ্দেশ্য তুলে ধরেন ইউনিসেফের সিনিয়র ন্যাশনাল কনসালটেন্ট ডা. মো. শামছুজ্জামান।

​অনুষ্ঠানে সরকারের যুগ্ম সচিব ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক এস এম তরিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম, পরিচালক (সমন্বয়) মো. মহিউদ্দিন এবং ইউনিসেফের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর