[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে পোস্ট, পরে সরিয়ে নিলেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬ ৬:৫৮ এএম

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও বিভ্রান্তি তৈরি হয়।

এ নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক আসিফ মাহমুদ। পরে ছবিটি নিয়ে বিষয়টি স্পষ্ট হওয়ার পর তিনি সেই পোস্টটি মুছে ফেলেছেন।

 

পরে দেওয়া আরেক পোস্টে আসিফ মাহমুদ বলেন, একই ধরনের ভঙ্গিতে তোলা দুটি ছবি নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় তিনি কোনটি আসল ছবি, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করেছিলেন। বিষয়টি পরিষ্কার হওয়ার পর আগের পোস্টটি সরিয়ে নেওয়ার কথাও জানান তিনি।

 

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ট্রাম্পের সঙ্গে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের ছবিটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন আসিফ মাহমুদ। একই পোস্টে তিনি কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি ও তার স্ত্রীর একটি ছবিও দেন। সেখানে ট্রাম্পকে ঘরের ভেতরে মানুষের সমান আকৃতির একটি কার্ডবোর্ড কাটআউট হিসেবে দেখা যাচ্ছিল।

 

ছবি দুটি শেয়ার করে আসিফ মাহমুদ ছবির সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলা বিভ্রান্তির প্রসঙ্গ উল্লেখ করেন।

 

পরে রোমানিয়ার একটি সংবাদমাধ্যমের ফ্যাক্ট-চেক প্রতিবেদনে জানানো হয়, কসোভোর প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবিতে কার্ডবোর্ড কাটআউট হিসেবে যে দৃশ্যটি দেখা গেছে, সেটি মূল ছবি নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি মজার পোস্ট থেকে ছবিটি সম্পাদনা করে তৈরি করা হয়েছিল। মূল ছবিতে আলবিন কুর্তির পাশে ট্রাম্পকে স্বাভাবিকভাবেই দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

 

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানকালে বিশ্বনেতাদের সম্মানে ডোনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

 

পরে প্রধানমন্ত্রী নিজের ফেসবুক অ্যাকাউন্টে নৈশভোজের একটি ছবি প্রকাশ করেন। এতে ট্রাম্পের সঙ্গে তাকে ও ডা. জুবাইদা রহমানকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হলে এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলে পোস্ট দেন আসিফ মাহমুদ। পরবর্তী সময়ে বিষয়টি পরিষ্কার হওয়ায় তিনি পোস্টটি সরিয়ে নেন।

এসআর

সম্পর্কিত খবর